প্রচ্ছদ > খেলা > ফুটবল

পেরুতে হালান্ড ৪৬৮ জন, হাজারের ওপর আছেন মেসি-রোনালদো

article-img

বিশ্বকাপের উন্মাদনা বুঝি পেরুতে একটু বেশি বেশিই লেগেছে। নয়তো বাচ্চার নাম কি কেউ শখ করে তারকা ফুটবলারের নামে রাখে! পেরুতে এই তারকার নামে নাম রাখার জ্বর বেশ পুরোনো। এখানে হালের হালান্ড-ইয়ামাল থেকে শুরু করে আছে হাজার হাজার মেসি-রোনালদো।

দেশটির জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি জন্ম নেওয়া শত শত নবজাতকের নাম রাখা হচ্ছে নরওয়েজিয়ান বিষ্ময়ের আর্লিং হালান্ডের নামে। সংস্থাটি বলছে, বর্তমানে ৪৬৮ জন পেরুভিয়ানের নাম ‘হালান্ড’ এবং ৯১ জন শিশুর পুরো নাম ‘আর্লিং হালান্ড’ হিসেবে নিবন্ধিত হয়েছে।

সংস্থাটির মুখপাত্র ইভান তোরেস জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই হালান্ডের নামে শিশুদের নিবন্ধনের সংখ্যা বাড়তে শুরু করে। নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই প্রবণতা আরও বেড়ে যায়। যা এখনও চলছে।

পানআমেরিকানা টেলিভিশনকে ইভান বলেন, ‘বিভিন্ন ফুটবল তারকা পেরুর মানুষকে তাদের সন্তানদের নামকরণে অনুপ্রাণিত করেন।’ মজার ছলে তিনি যোগ করেন, ‘হালান্ড এখন পেরুভিয়ান।’

পেরুতে অবশ্য ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার সংস্কৃতি নতুন নয়। দেশটিতে ৩,৪০২ জনের নাম 'মেসি', যার মধ্যে ২৯২ জনের পুরো নাম 'লিওনেল মেসি'। এছাড়া ১,১৮৫ জনের নাম 'ক্রিশ্চিয়ানো রোনালদো', ১,২৪১ জনের নাম 'ইয়ামাল' এবং ৩৩,৮০৯ জনের নাম 'নেইমার' রাখা হয়েছে।

ফুটবল তারকাদের নিয়ে একটু বেশিই উত্তেজনা দেশটিতে!